তারেক-মামুনের বিরুদ্ধে চলতি মাসেই রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায় চলতি মাসেই হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আজ বৃহস্পতিবার মামলাটির যুক্তিতর্ক শুনানির দিন ধার্য রয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করবেন বলে জানিয়েছেন এ মামলায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, মামলায় ১৩ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। আটক থাকা আসামি মামুনের পক্ষে পাঁচজন সাফাই সাক্ষ্য দিয়েছেন।

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে ২০১১ সালের ৬ জুলাই এ মামলার বিচারকাজ শুরু হয়। অপর আসামি গিয়াসউদ্দিন আল মামুন কারাগারে আছেন। চলতি বছরের ২৪ অক্টোবর মামলার বাদী দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষের সাক্ষ্য জেরা শেষ হয়। এর আগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক-মামুনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, তারেক রহমানের প্রভাব খাটিয়ে টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশনকে পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তাঁর বন্ধু মামুন। এর বিনিময়ে মামুন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এই টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংকে গিয়াসউদ্দিন আল মামুনের হিসাবে জমা রাখা হয়। এই টাকা থেকে তিন কোটি ৭৮ লাখ টাকা তারেক রহমান খরচ করেন। এদিকে তারেক রহমানের আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকার এ মামলার বিচারকাজ তড়িঘড়ি করে শেষ করতে চাইছে।

এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে রায় দেওয়া হলে এটি হবে জিয়া পরিবারের বিরুদ্ধে দ্বিতীয় রায়। এর আগে ২০১১ সালের ২৩ জুন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে পলাতক দেখিয়ে অর্থ পাচারের অপর এক মামলায় ছয় বছরের কারাদণ্ড ও ১৯ কোটি টাকা জরিমানা করেন আদালত। উল্লিখিত মামলাটি ছাড়াও তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, চাঁদাবাজি, দুর্নীতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২১ আগস্ট ছাড়া বাকি মামলাগুলোর কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। আর গ্রেনেড হামলা মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।