তারেক-মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হয়েছে। মামুনের আইনজীবী জাহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ এই আবেদন করেন।গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে সাক্ষী না আসায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন সময়ের আবেদন করেন। বিচারক মোজাম্মেল হোসেন আগামী ২৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনে বলা হয়, এ মামলার ঘটনাস্থল সিঙ্গাপুরের সিটি ব্যাংক। বাংলাদেশের বাইরে কোনো ঘটনার বিচার করতে হলে ফৌজদারি কার্যবিধির ১৮৮ ধারার বিধান মতে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। এ মামলার ক্ষেত্রে এ ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা জানান, মামলার পরবর্তী দিনে এ আবেদনের ওপর শুনানি হবে।বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি থেকে মামুন ঘুষ নেন। ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নিয়ে পরে তা বিদেশে পাচার করেন। গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়। তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান, এখনো সেখানেই অবস্থান করছেন।