বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে করা মামলার কার্যক্রম পরিচালনা প্রশ্নে গিয়াসউদ্দিন আল মামুনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বেঞ্চ এ আদেশ দেন।এদিকে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের এই মামলায় সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখার তৎকালীন কর্মকর্তা এহসানুল হাফিজ সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ সাক্ষ্য গ্রহণ করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৩১ জানুয়ারি ধার্য করেছেন আদালত। মামলায় এফবিআইয়ের এজেন্ট মিস ডেবরা লেপরোভেটি, মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিমসহ এখন পর্যন্ত আটজন সাক্ষ্য দিয়েছেন। সরকারের অনুমতি না নিয়ে এই মামলার কার্যক্রম পরিচালনা প্রশ্নে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত বছরের ২৭ নভেম্বর বিভক্ত আদেশ দেন। পরে বিষয়টি নিস্পত্তির জন্য হাইকোর্টের ওই বেঞ্চে পাঠানো হয়।আদালতে মামুনের পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন খোকন ও এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান। আদেশে বলা হয়, আবেদনের সারবত্তা না থাকায় তা সরাসরি খারিজ করা হলো। পরে আইনজীবী মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অবশ্যই আপিল বিভাগে আবেদন করা হবে।