তারেক-মামুনের মামলায় বাকি সাক্ষীদের প্রতি আদালতের সমন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় বাকি সাক্ষীদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন আদালত।গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন বাকি সাক্ষীদের প্রতি সমন দেওয়ার আবেদন করেন।এ সময় মামলার আসামি গিয়াসউদ্দিনের আইনজীবীরা আদালতকে জানান, মামলার একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়েছে। ওই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত আগামী ১৩ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।২৬ মে একই আদালত ইন্টারপোলের মাধ্যমে আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাওয়া নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এ ঘটনায় দুদক ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে।