তারেক মাসুদ ও মিশুক মুনীরের দুর্ঘটনা মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার রায় আজ বুধবার। ছয় বছর আগে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে।
গত রোববার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
২০১১ সালের ১৩ আগস্ট শিবালয় উপজেলায় নতুন চলচ্চিত্রের দৃশ্যায়নের নির্ধারিত স্থান দেখে মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দিন ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে বাসচালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন।
২০১২ সালের ২১ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৩ সালের ১৩ জানুয়ারি মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। দীর্ঘ সাড়ে চার বছরে ৩৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণের পর্ব শেষ হলে আসামিপক্ষের আইনজীবী আদালতে আসামির সাফাই সাক্ষীর জন্য আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম বলেন, আশা করি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায়ে আসামির সর্বোচ্চ শাস্তি হবে।