তারেক মাসুদ ও মিশুক মুনীরের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি
সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর নিহত হওয়ার ঘটনায় করা মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। আজ বুধবার তাঁদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার জোকা এলাকায় চুয়াডাঙ্গা পরিবহনের বাসের সঙ্গে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজনসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় ওই দিনই ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে বাসের চালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন। ঘটনার পরদিন বাসের চালক জামির হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর ওই বছরের ১৭ নভেম্বর তিনি জামিনে মুক্ত হন। বর্তমানে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে।
আজ সকাল ১০টার দিকে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ করে দুর্ঘটনাস্থল জোকায় অস্থায়ী স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, মানিকগঞ্জ প্রেসক্লাব, বেসরকারি গবেষণামূলক সংস্থা বারসিক, উদীচী, খেলাঘর, বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগার, শোলধারা অগ্রগতি সংঘ, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস), উত্তরণ ও প্রথম আলো বন্ধুসভা। পরে স্থানীয় জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে ফল ও ফুলের গাছ রোপণ করা হয়। বেলা সাড়ে ১০টার দিকে স্মৃতিস্তম্ভের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘মামলায় আদালতে অভিযোগ গঠনের প্রায় চার বছরে ৩৯ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৬ জনের শুনানি হয়েছে। সরকারি বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ১১ জন সাক্ষীর এখনো শুনানি হয়নি। বিচারিক কার্যক্রমের এ ধীর গতির কারণে আমরা হতাশ।’ তিনি দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে আসামি বাসের চালককে সর্বোচ্চ সাজার দাবি জানান।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের জেলার আহ্বায়ক ইকবাল হোসেন বলেন, তারেক মাসুদ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার আর মিশুক মুনীর ছিলেন প্রখ্যাত সাংবাদিক। অথচ তাঁদের স্মৃতি রক্ষার্থে মানিকগঞ্জে স্থায়ী কোনো স্মৃতি স্তম্ভ এখনো নির্মাণ হয়নি। এটা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও। তিনিও মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
বারসিকের জেলার সমন্বয়ক বিমল রায়, বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগারের সভাপতি রিপন আনসারী, উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলার সভাপতি আতাউর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং প্রথম আলো বন্ধুসভা মানিকগঞ্জের সভাপতি মাহবুব আলম প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।