তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুতে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন গতকাল রোববারও শোক জানিয়েছেন। একই সঙ্গে দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কয়েকটি সংগঠন।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, সৃজনশীল সাংস্কৃতিক ধারার বিকাশে তারেক মাসুদ ও মিশুক মুনীরের অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে বলেছে, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অবৈধ লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে ট্রাফিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।বাংলাদেশ অর্থনীতি সমিতি নিহত ব্যক্তিদের প্রতি শোক জানানোর পাশাপাশি আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আন্দোলন শোকের পাশাপাশি দেশের সড়কের অচলাবস্থার দ্রুত সমাধানের দাবি জানান। একই সঙ্গে সড়কপথে সাবধানে গাড়ি চালানোর জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া ছায়ানট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন, কর্মজীবী নারী, অ্যাডভার্টাইজিং ক্লাব ঢাকা, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু একাডেমী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), এক্সপ্রেশন লিমিটেড ও আল-ফালাহ বাংলাদেশ এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে।