তারেক মাসুদের ৩ সহযাত্রীর লাশ নিজ গ্রামে দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের তিন সহযাত্রীর লাশ গতকাল রোববার তাঁদের নিজ গ্রামে দাফন করা হয়েছে। তাঁরা হলেন সেট ডিজাইনার জামাল হোসেন (৩৫), কর্মী ওয়াসিম (৪৫) ও মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান (২৫)।জানা যায়, লাশগুলো গ্রামের বাড়ি পৌঁছার পর গতকাল তাঁদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ওই তিনটি পরিবারের সদস্যরা। আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান, গতকাল সকাল আটটায় মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমানের লাশ ঝালকাঠির নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছায়। স্থানীয় মসজিদে জানাজা শেষে মোস্তাফিজুরের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোস্তাফিজের মৃত্যুর খবর শোনার পর তাঁর মা অসুস্থ হয়ে পড়েছেন, থেমে থেমে জ্ঞান হারাচ্ছেন। তাঁর শোকাহত বাবা আবুল কালাম জানান, তিনিও মাইক্রোবাসের চালক। গতকাল সকালে ছেলের লাশ নিয়ে তিনি গ্রামের বাড়িতে এসেছেন। পারিবারিক সূত্র জানায়, মোস্তাফিজ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন। এরপর তাঁকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। চার বছর আগে তিনি বিয়ে করেছেন। মালিহা নামে তাঁর দুই বছরের সন্তান রয়েছে। তারেক মাসুদের প্রতিষ্ঠানে কর্মরত আসাদ খান প্রথম আলোকে বলেন, শনিবার গভীর রাতে সেট ডিজাইনার জামাল হোসেনের লাশ গাজীপুরের কাপাসিয়া উপজেলার চালা গ্রামে নিয়ে যান তাঁর স্বজনেরা। গতকাল সকালে জানাজা শেষে তাঁর লাশ ওই গ্রামে লাশ দাফন করা হয়েছে। শনিবার গভীর রাতে আরেক কর্মী ওয়াসিমের লাশ তাঁর স্বজনেরা টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ে যান। গতকাল সকালে জানাজা শেষে ওয়াসিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।