তারেক-মিশুক নিহত হওয়ার মামলায় সাক্ষ্য দিলেন ৩ পুলিশ
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় করা মামলায় পুলিশের তিন সদস্য সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে চার বছরের বেশি সময়ে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। এতে মোট সাক্ষী ৩৯ জন।
আজ রোববার মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী, কনস্টেবল লিটন কাজী ও বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম সাক্ষ্য দেন।
আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির কার্যক্রম চলছে। তবে এই আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর ছুটিতে থাকায় আজ জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ওই তিন সদস্যের সাক্ষ্য গ্রহণ করেন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান। এ সময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাধব সাহা।
পরে আফছারুল ইসলাম বলেন, সমন জারি হলেও সাক্ষীদের কেউ কেউ যথা সময়ে আদালতে সাক্ষ্য দিতে আসেননি। এ কারণে মামলার কার্যক্রম ধীরগতিতে চলছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ অক্টোবর।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখে একটি মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ তাঁদের সহযাত্রীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।