তারেক-মিশুক নিহতের ক্ষতিপূরণ মামলা কেন হাইকোর্টে বদলি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় করা দুটি ক্ষতিপূরণ মামলা উচ্চ আদালতে কেন বদলি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার নথিপত্র তলব করা হয়েছে।

বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।

মামলা এই আদালতে বদলের নির্দেশনা চেয়ে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ তিনজন এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজীসহ পরিবারের সদস্যরা ১ অক্টোবর পৃথক দুটি আবেদন করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

সংশ্লিষ্ট বাসের মালিক ও চালকসহ পাঁচ বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

২০১১ সালের ১৩ জানুয়ারি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ ও মিশুক মুনীর। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা আদালতে পৃথক দুটি ক্ষতিপূরণ মামলা করেন তাঁদের পরিবার। মামলা দুটির আদালত বদলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন সংশ্লিষ্ট বাদীরা।