সড়ক দুর্ঘটনায় নিহত খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গতকাল বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘শোক, স্মৃতি ও ভালোবাসায় তারেক মাসুদ, মিশুক মুনীর’ শীর্ষক ওই অনুষ্ঠানের শুরুতে তারেক মাসুদ ও মিশুক মুনীরের জীবন ও কাজের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মানস চৌধুরী, চলচ্চিত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শাহনেওয়াজ সুপ্রিম, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আকতার সিনা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোসাইটির পাঠচক্রবিষয়ক সম্পাদক মাহবুবুল আলম। পরে তারেক মাসুদ নির্মিত মাটির ময়না চলচ্চিত্র প্রদর্শন করা হয়। নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মানস চৌধুরী বলেন, তারেক মাসুদ ছিলেন বিকল্পধারার চলচ্চিত্রনির্মাতা। আর মিশুক মুনীর ছিলেন সব্যসাচী সাংবাদিক ও তারেক মাসুদের সহযোদ্ধা। জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আকতার সিনা বলেন, মানুষ কখনো ভিলেন হতে পারে না, পরিস্থিতি মানুষকে ভিলেন বানিয়ে দেয়। এ মতে বিশ্বাসী ছিলেন তারেক মাসুদ। তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্য দিয়েও তিনি বিষয়টি স্পষ্ট করতে চেয়েছেন।