তারেক-মিশুকের দুটি মামলার বদলি বিষয়ে রায় অপেক্ষমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় করা দুটি মামলা উচ্চ আদালতে বদলি প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন। 

মামলা দুটি হাইকোর্টে স্থানান্তরের নির্দেশনা চেয়ে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ তিনজন এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী ও ছেলে সুহূদ মুনীর গত বছরের ১ অক্টোবর হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে ৩ অক্টোবর আদালত রুল দেন।

রুলে মামলা দুটি উচ্চ আদালতে কেন বদলি করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে ওই মামলার নথিপত্রও তলব করা হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন। বাস কোম্পানির ইনস্যুরেন্স করা প্রতিষ্ঠান রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিকী ও শিশির মনির। 

২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় তারেক ও মিশুককে বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তারেক-মিশুকসহ পাঁচজনের মৃত্যু হয়। ঘটনার পর গত বছরের ১৩ ফেব্রুয়ারি আবেদনকারীরা মানিকগঞ্জে মোটর যান অর্ডিন্যান্সে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন। ওই মামলা দুটি হাইকোর্টে স্থানান্তরের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন বাদীরা।