তারেক-মিশুকের প্রতি শ্রদ্ধা অনুষ্ঠান বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের প্রচারপত্র বাতিল করা না হলে অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানটি হওয়ার কথা। আজ সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে তারেক মাসুদ ও মিশুক মুনীরের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ‘শোক, স্মৃতি ও ভালোবাসায় তারেক মাসুদ, মিশুক মুনীর’ শীর্ষক আলোচনা সভা ও তারেক মাসুদ নির্মিত মাটির ময়না চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে চার দিন ধরে ক্যাম্পাসে প্রচারপত্র বিলি করেন জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটির সদস্যরা। সোসাইটির সদস্যরা বলেন, গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ, যুগ্ম সম্পাদক আজগর আলীসহ তিন-চারজন নেতা-কর্মী তাঁদের সঙ্গে সোসাইটির সদস্যদের দেখা করতে বলেন। ফিল্ম সোসাইটির প্রচার সম্পাদক মাহমুদ শোয়েব তাঁদের সঙ্গে দেখা করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে প্রচারপত্র প্রত্যাহার করার নির্দেশ দেন। প্রচারপত্র প্রত্যাহার করা না হলে অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। জানা গেছে, প্রচারপত্রে এ দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুর বিষয়কে হত্যা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, সরকারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। এ ছাড়া নিরাপদ সড়কের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে অযোগ্য, দায়িত্বহীন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের অপসারণের দাবি জানানো হয়। জানতে চাইলে ফিল্ম সোসাইটির প্রচার সম্পাদক মাহমুদ শোয়েব প্রথম আলোকে বলেন, এ ধরনের একটি অনুষ্ঠানের প্রচারপত্র প্রত্যাহার ও অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি ন্যক্কারজনক।অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ ও যুগ্ম সম্পাদক আজগর আলী বলেন, ‘দেশবরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুতে আমরাও গভীরভাবে শোকাহত। সুতরাং অনুষ্ঠান বন্ধের হুমকির প্রশ্নই ওঠে না। আয়োজক সংগঠনের সঙ্গে প্রচারপত্রে উল্লিখিত কিছু বিষয় নিয়ে কথা বলেছি মাত্র।’