তারেক-মিশুকের মৃত্যুতে করা দুটি মামলা হাইকোর্টে বদলি
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে করা দুটি মামলা উচ্চ আদালতে বদলি হচ্ছে।
আজ বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল মঞ্জুর করে রায় দেন।
ফলে মানিকগঞ্জের আদালতে বিচারাধীন মোটরযান অর্ডিন্যান্সে ক্ষতিপূরণ চেয়ে করা ওই দুটি মামলা এখন হাইকোর্টে শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. মোতাহার হোসেন।
পরে মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় মোটরযান অর্ডিন্যান্সের ১২৮ ধারায় বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে করা মামলা দুটি মানিকগঞ্জ জেলা জজ আদালতে বিচারাধীন ছিল। সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে মামলা দুটি জনস্বার্থে হাইকোর্টে বদলির নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। হাইকোর্ট আবেদন মঞ্জুর করেছেন। এখন বেঞ্চ গঠনের পর হাইকোর্টে মামলা দুটির শুনানি শুরু হবে।
২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় তারেক ও মিশুককে বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী ডিলাক্সের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তারেক-মিশুকসহ পাঁচজনের মৃত্যু হয়। ঘটনার পর গত বছরের ১৩ ফেব্রুয়ারি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিনেন্সে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন। ওই মামলা দুটি হাইকোর্টে স্থানান্তরের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন বাদীরা।
তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ তিনজন এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী ও ছেলে সুহৃদ মুনীর গত বছরের ১ অক্টোবর হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৩ অক্টোবর আদালত রুল দেন।
রুলে মামলা দুটি উচ্চ আদালতে কেন বদলি করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে ওই মামলার নথিপত্র তলব করা হয়।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন ও আইনজীবী সারা হোসেন। রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির শুনানি করেন আইনজীবী এহসান এ সিদ্দিকী ও শিশির মনির।