তারেক-মিশুকের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীর মিশুকসহ পাঁচজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।গতকাল শনিবার বিভিন্ন ব্যক্তি ও সংগঠন আলাদা বিবৃতিতে এ মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।শোক প্রকাশ করা বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন—জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রমুখ। এ ছাড়া বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মহিলা পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যুবলীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আইন ও সালিশ কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, মহানগর সর্বজনীন পূজা কমিটি, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, সংস্কৃতি মঞ্চ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, স্টামফোর্ড ফিল্ম স্টুডেন্ট সিনে ফোরাম, জালালী পার্টি, গণসংহতি আন্দোলন, যুব ইউনিয়ন, জামায়াতে ইসলামী, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, গ্রুপ থিয়েটার ফেডারেশন, গণমুক্তির গানের দল, মানবতার জন্য আমরা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, তারেক মাসুদের মৃত্যুতে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি ও চিলড্রেনস ফিল্ম সোসাইটি, রাজশাহী গতকাল বিকেলে নগরের অনির্বাণ কম্পিউটার কার্যালয়ে এক শোকসভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা। সভায় শিগগিরই রাজশাহীতে একটি নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত হয়। সভা শেষে তারেক মাসুদের নির্মিত চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রদর্শিত হয়।কলকাতায় শোকের ছায়াআমাদের কলকাতা প্রতিনিধি জানান, চলচ্চিত্রকার তারেক মাসুদের অকালমৃত্যুতে কলকাতার ছবিপাড়ায় শোকের ছায়া নামে। শনিবার দুপুরের মধ্যে টালিগঞ্জের ছবিপাড়ায় তারেক মাসুদের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কলাকুশলীদের মধ্যে নেমে আসে গভীর শোক। পরিচালক মৃণাল সেন বলেন, ‘এ খবর তো বিনা মেঘে বজ্রপাতের সমতুল্য। ভাবতেই পারছি না তারেক আমাদের মাঝে নেই। বাংলাদেশের তিনিই হলেন সব থেকে বড় পরিচালক। আমি তারেকের “মাটির ময়না” দেখে মুগ্ধ হয়েছি। বাহবা দিয়েছি। বলেছি, “দারুণ ছবি বানিয়েছ”।’ আরেক প্রখ্যাত নির্মাতা তরুণ মজুমদার বলেন, ‘শুটিংয়ের সময় শুনলাম তারেক নেই। ভাবতেই পারছি না তারেক আমাদের মাঝ থেকে চলে গেছেন। বিরাট মাপের পরিচালক ছিলেন তিনি। আগরতলায় চলচ্চিত্র উৎসবে একসঙ্গে দেখেছিলাম “মাটির ময়না”। দারুণ ছবি।’ পরিচালক রাজা মিত্র বলেছেন, ‘তারেক মাসুদের মৃত্যুকে মেনে নিতে পারছি না। তিনি চলচ্চিত্রে এনেছিলেন একটি নতুন ধারা।’পরিচালক প্রভাত রায় বলেন, ‘দারুণ মর্মাহত। ওর কথা ভুলবে না টালিগঞ্জের ছবিপাড়া। দারুণ ভালো মানুষ ছিলেন। ভালো ছবি করতেন তারেক মাসুদ।’কলকাতার চলচ্চিত্র ক্লাব ‘সিনে সেন্ট্রাল’ এর যুগ্ম সম্পাদক সজল দত্তও গভীর শোক প্রকাশ করেছেন। সিনে সেন্ট্রালই প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘মাটির ময়না’ এবং ‘অন্তর্যাত্রা’ দেখিয়েছিল।