স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাঁকে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়ার চেষ্টা চলছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের চারটি থানার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। নতুন থানাগুলো হলো চকবাজার, সদরঘাট, আকবর শাহ ও ইপিজেড থানা। এ নিয়ে নগরে থানার সংখ্যা ১৬তে উন্নীত হলো।মহীউদ্দীন খান আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে অপরাধী হিসেবে স্বীকৃত হওয়া সত্ত্বেও তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশে চলে যান। ওই মুচলেকায় ছিল, পরবর্তী তিন বছর তিনি রাজনীতিতে সক্রিয় অংশ নেবেন না।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে (লন্ডন) রাজনৈতিকভাবে বিকৃত বক্তব্য উপস্থাপন করে তারেক মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করা হয়েছে।