প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের আদেশ অনুযায়ী তারেক রহমানের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারকে দেওয়া মুচলেকার শর্ত তারেক রহমান ভেঙেছেন। আদালত তাঁর ব্যাপারে যে নির্দেশনা দিয়েছে, সংবিধান মেনে সরকারি কর্মকর্তাদের তা পালন করতে হবে।’ গতকাল শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিবি) মিলনায়তনে ছাত্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, তারেকের জামিনের শর্তের মধ্যে ছিল—তিন বছরের মধ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না, মামলার বিচারিক কাজ চলাকালে উপস্থিত থাকতে হবে এবং শারীরিক অবস্থা সম্পর্কে আইনজীবীর মাধ্যমে আদালতকে জানাতে হবে। কিন্তু এসব শর্ত তিনি পালন করেননি।