আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তারেক রহমানের নেতৃত্বে কোটি কোটি টাকা লুটপাট করে দেশের টেলিকম খাতকে পঙ্গু করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই খাতকে পুনরায় শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। গতকাল শনিবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনাজপুর টেলিকম বিভাগীয় কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খালিদ মাহমুদ বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসা, ডিজিটাল লাইন স্থাপন ও বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতি আমদানির নামে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। দেশের অর্থ লুটপাট ও পাচার করে, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে বর্তমানে তারেক রহমান ও তাঁর ভাই আরাফাত রহমান কোকো বিদেশে বিলাসবহুল জীবন যাপন করছেন।গত শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের অবস্থা মিসর ও লিবিয়ার মতো হবে। বেগম জিয়ার ওই বক্তব্যের জবাবে খালিদ মাহমুদ বলেন, ‘তাঁর মুখেই এসব কথা মানায়। কারণ, তাঁর স্বামী জিয়াউর রহমান গণতন্ত্রের পথে নয়, পেছন দরজা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন।’বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর টেলিকম বিভাগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরশেদ আলী। সমাবেশে প্রধান বক্তা হিসেবে সিবিএর কেন্দ্রীয় মহাসচিব এস এম এ মুকিত ছাড়াও বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল আহসান লাল প্রমুখ বক্তব্য দেন।