ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমান দেশের মাটিতে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। তাঁর দাবি, তারেক রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে নগর ছাত্রদল আয়োজিত তারেক রহমানের ‘১১তম কারাবরণ দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর ছাত্রদলের সভাপতি গাজী মো সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী।
সভায় শাহাদাত হোসেন দাবি করেন, মইন-ফখরুদ্দীন গং যেভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ঠিক সেইভাবে এ সরকারও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে।
আবুল হাশেম বলেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই ষড়যন্ত্রের জাল পেতেছে সরকার। সব ষড়যন্ত্র ছিন্ন করা হবে।
নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আর ইউ চৌধুরী, সাবেক সভাপতি মোশারফ হোসেন, সাবেক সদস্যসচিব ইয়াছিন চৌধুরী, কামরুল ইসলাম, সাইফুর রহমান, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী মতুর্জা খান প্রমুখ।