তারেক রহমান পাকিস্তানের এজেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তানের এজেন্ট আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউসের হলরুমে জেলা এবং নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তারেক জিয়া মিথ্যাবাদী, মূর্খ। সে ইতিহাস বিকৃত করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে তারেক মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। তারেক পাকিস্তানের এজেন্ট। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। একাত্তরের পরাজিত শক্তি জামায়াতকে প্রতিষ্ঠিত করতে বিএনপি এখন তারেককে দিয়ে ইতিহাস বিকৃতি করাচ্ছে।’ তারেক রহমানের শিক্ষাজীবন সম্পর্কে তিনি বলেন, ‘তারেক জিয়া চারবার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছে। সে ঢাকায় বসবাস করে মানিকগঞ্জ গিয়ে তিনবারে এইচএসসি পাস করেছে। অল্প বিদ্যা যে ভয়ংকর তার প্রমাণ তারেক জিয়া। লন্ডনে প্রথমে বলল, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তারপর বলল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবৈধ প্রধানমন্ত্রী।’