তারেক রহমান মালয়েশিয়ায়

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে সপরিবারে মালয়েশিয়ায় গেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি গত সোমবার মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুর পৌঁছান বলে তারেকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। তিনি সেখানে সপ্তাহ খানেক থাকবেন বলে জানা গেছে।
তবে তারেক রহমানের এই সফর ব্যক্তিগত না দলীয়, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ও দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সফর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। চেয়ারপারসনের গণমাধ্যম শাখার এক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না। বিএনপির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তারেক রহমানের দলীয়ভাবে স্বীকৃত কোনো মুখপাত্র নেই। অবশ্য বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেছে. তাঁরাও শুনেছেন তারেক মালেয়শিয়া সফরে আছেন।
তারেক রহমান গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিত্সার জন্য লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন। এর মধ্যে তিনি গত বছর ওমরাহ হজ করার জন্য সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে এক সপ্তাহ থেকে আবার লন্ডনে ফিরে যান।