তারেক রহমান সরকারের প্রতিহিংসার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্টুয়ার্ট স্টিভেন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্টুয়ার্ট স্টিভেন

বাংলাদেশ সরকার বিচারব্যবস্থাকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের বেশ কয়েকজন আইনজীবী। গতকাল বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার গ্রিন বিজনেস সেন্টারে ‘গ্রস ভায়োলেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি ইন বাংলাদেশ শীর্ষক’ এই সংবাদ সম্মেলন আয়োজন করে হলবর্ন চেম্বার।
আজ বৃহস্পতিবার লন্ডন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের ১৩ জন জ্যেষ্ঠ আইনজীবী এবং প্রবাসী বাংলাদেশি কয়েকজন আইনজীবী ও মানবাধিকারকর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, হলবর্ন চেম্বার ও তার আইনজীবীরা লন্ডনে বিএনপি এবং জামায়াতে ইসলামীর পক্ষে বেশ কিছুদিন ধরে কাজ করছেন।
হলবর্ন চেম্বারের প্রধান স্টুয়ার্ট স্টিভেন বলেন, বিচারব্যবস্থা কারও রাজনৈতিক স্বার্থের হাতিয়ার হতে পারে না। বাংলাদেশের বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়। এর প্রমাণ একটি রাজনৈতিক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে রায় দেওয়ার কারণে বিচারককে এখন দেশ ছেড়ে পালাতে হয়েছে। একজন বিচারকের বিরুদ্ধে সরকারের এ ধরনের প্রতিহিংসামূলক আচরণ দেশ ও গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। সরকারের এ ধরনের আচরণ বাংলাদেশের বিচারব্যবস্থাকে দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ করেছে।

সংবাদ সম্মেলনে স্টিভেন আরও বলেন, বাংলাদেশ ব্রিটেনের উন্নয়ন সহযোগী এবং একটি কমনওয়েলথভুক্ত দেশ হওয়ার কারণে ব্রিটিশ সরকার চুপ করে বসে থাকতে পারে না।

স্টিভেন বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার খর্ব করে সরকার যেভাবে একটি হাস্যকর নির্বাচন করেছে, এর বিপক্ষে যুক্তরাজ্য সরকারের সরাসরি অবস্থান নেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যান হোউজ, কলিন ক্যাম্পবেল, রবির মারদো-স্মিথ, ম্যারি ম্যাকক্যামা, টম মিশেল, অ্যালেক্স, মারিয়া গঞ্জালেস এবং বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের মধ্যে এ কে এম কামরুজ্জামান, আসাদুজ্জামান ও আশিকুর রহমান সবুজ।

বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার দিকে দীর্ঘদিন ধরে ব্রিটিশ আইনজীবীদের সতর্ক দৃষ্টি রয়েছে উল্লেখ করে স্টুয়ার্ট স্টিভেন বলেন, যুক্তরাজ্যে চিকিত্সাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের প্রতিহিংসা ও অপপ্রচারের শিকার।

তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্টিভেন বলেন, এর মাধ্যমে প্রমাণ হয়েছে দেশটির সরকার আইন সম্পর্কে সঠিকভাবে জ্ঞাত নয়; বরং এটিকে সরকার তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়।