তারেক রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা অভিযোগ করেছেন, তারেক রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা চলছে। বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে গণমাধ্যম। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।গতকাল সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রকাশিত ‘তারেক রহমান, অপেক্ষায় বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা এসব কথা বলেন। বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তবে তিনি বক্তব্য দেননি।অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেন, রাজনীতিতে অনুকরণ নয়, অনুসরণ করার সুযোগ রাখার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তারেক রহমানকে অভিজ্ঞদের সাহচর্যে আসতে হবে এবং রাজনৈতিক অঙ্গনে নবীন-প্রবীণের সমন্বয় ঘটানোর চেষ্টা করতে হবে। তিনি বলেন, ‘বিএনপির সমস্যা হলো নেতা-কর্মীদের মধ্যে শৃঙ্খলার অভাব। তাই শৃঙ্খলা নিশ্চিত করতে তারেক রহমানকে এগিয়ে আসতে হবে।’সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘তারেক রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমাদেরও সজাগ থাকতে হবে। তারেক রহমানের সীমাহীন কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবউল্লাহ বলেন, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার জবাব দিতে বইটি ভূমিকা রাখবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে সরকার ও গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি বলেন, অর্ধ যুগেরও বেশি সময় ধরে তারেক রহমান স্বনির্ভর বাংলাদেশের চিত্র এঁকেছেন।জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, তারেক রহমান শুধু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান নন, দেশের প্রতি ইঞ্চি মাটিতে সম্পৃক্ত থেকে তিনি নিজেকে ভবিষ্যত্ রাষ্ট্রনায়ক হিসেবে প্রমাণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অনুসরণ করে রাজনীতিতে এসেছেন।অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে ১০ মিনিটের একটি তথ্যচিত্র দেখানো হয়। গ্রন্থটির সম্পাদনা করেন এমাজউদ্দীন আহমদ, শওকত মাহমুদ, চ্যানেল ওয়ানের চেয়ারম্যান মাজেদুল ইসলাম ও কবি আবদুল হাই শিকদার। এতে দেশের ৫১ জন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিক ও পেশাজীবী তারেক রহমানের রাজনৈতিক আদর্শের প্রচার ও দেশকে এগিয়ে নেওয়ার ভিশন সম্পর্কে প্রবন্ধ লিখেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম বক্তব্য দেন।