চাঁদাবাজির অভিযোগে করা তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এই তিনটি, আয়কর-সংক্রান্ত দুটিসহ পৃথক পাঁচ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তঁার করা রিট আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, আইন অনুসারে এসব মামলার কার্যক্রম চলবে। গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুল খারিজ করে এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই পাঁচ মামলায় রুল ও স্থগিতাদেশ ছিল। ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে রুল খারিজ করে দিয়েছেন আদালত। এর মধ্যে তিনটিতে জামিন ছিল, তা বাতিল করে ৩০ দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনগুলো খারিজের বিষয়ে তাপস কুমার বিশ্বাস বলেন, ফৌজদারি মামলার কার্যক্রম নিয়ে রিট আবেদন গ্রহণযোগ্য নয়। এ জন্য বাতিল আবেদন করার বিধান আছে। এ ছাড়া অন্য মামলায় তারেক রহমান পলাতক। তাই আইনের চোখে এখন তিনি পলাতক।
সুতরাং এখানে প্রতিকার চাওয়ার সুযোগ নেই।
অবশ্য তারেক রহমানের পক্ষে থাকা আইনজীবী মাহবুব উদ্দিন খোকন পরে প্রথম আলোকে বলেন, আপিল করা হবে কি না, আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনজীবী সূত্র বলেছে, ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে গুলশান, শাহবাগ ও কাফরুল থানায় তিনটি মামলা হয়। তাঁর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছর ওই তিন মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল দেন আদালত। পাশাপাশি জামিন পান। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২০০৭ ও ২০০৮ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিম্ন আদালতে দুটি মামলা করে। এই দুই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল দেন ও কার্যক্রম স্থগিত করেন। সম্প্রতি এসব রুল শুনানির জন্য আসে।