তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১৫ দিনের মধ্যে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধারা রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ বীর বিক্রম ও মহাসচিব এমদাদ হোসেন মতিন, ভাইস চেয়ারম্যান এম এ মরতুজা, চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক মহাসচিব বদিউল আলম, চট্টগ্রাম জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম চৌধুরী, সরওয়ার কামাল, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাব উদ্দিন প্রমুখ।
পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি মিছিল জামালখান ও চেরাগীপাহাড় মোড় প্রদক্ষিণ করে।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য তারেক রহমানকে চরম মূল্য দিতে হবে। তিনি বলেন, তাঁকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহের মামলায় শাস্তি দিতে হবে। তারেকের বিচার না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধারা বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে থাকব।
মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হাসেন মতিন বলেন, ১৫ দিনের মধ্যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।