তারেক রহমানকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘তারেক রহমানের বিষয়ে আমরা ইন্টারপোলকে জানিয়েছি। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি, এখন ফেরারি। তাঁকে ফেরানোর ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া চলবে।’
আজ বুধবার বিকেলে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইসিটি আইনের ৫৭ ধারার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ৫৭ ধারায় যে অপরাধগুলোর কথা বলা আছে, সেগুলো কিন্তু অপরাধ। সেই অপরাধগুলোকে আইনের আওতায় আনতে হবে। এগুলো বাদ দেওয়া যাবে না। ৫৭ ধারায় কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা থাকবে। ৫৭ ধারা এখন যে রূপে আছে, সেই রূপে থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব উল-হক।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবনের নির্মাণকাজ শুরু হয়। দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে ২০১৪ সালের শেষে ভবন আইন ও বিচার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথা থাকলে নানান জটিলতায় ভবনটির কাজ শেষ হতে লেগেছে পাঁচ বছর। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনে সংশ্লিষ্ট আদালতের আওতাধীন ১০টি এজলাস একযোগে বিচারকাজ চলতে পারবে। বিচারক, আইনজীবী, পুলিশ, বিচারপ্রার্থী, আসামি, বিবাদীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সুবিধা নিশ্চিত হবে। ভবনটির ভিত্তি কাঠামো ১২ তলার। প্রথম পর্যায়ে আটতলার নির্মাণকাজ শেষ হয়েছে।