তারেক রহমানকে সরকার ভয় পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার তারেক রহমানকে ভয় পায়। তাঁর জনপ্রিয়তায় ভীত হয়ে নানা রকম মিথ্যা মামলা দিয়ে তাঁকে দেশে আসতে বাধা দিচ্ছে। কিন্তু সব ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমান ‘বীরের বেশে’ দেশে ফিরে আসবেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারাবন্দী দিবস’ উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে গতকাল বুধবার বিকেলে আমীর খসরু এ কথা বলেন। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশ শেষে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।নাসিমন ভবন চত্বরের সমাবেশে খসরু আরও বলেন, সরকার দেশকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এখানে বিদেশিদেরও কোনো নিরাপত্তা নেই। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর বক্তব্যে সন্ত্রাসীরা আরও উৎসাহিত হয়েছে। তিনি বলেন, সরকার বাকশালী কায়দায় দেশ শাসন করছে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, প্রশাসনকে ব্যবহার করে হুমকি-ধমকি দিয়ে মহাসমাবেশ বানচালের অপচেষ্টা করছে সরকার। মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, আবুল হাশেম প্রমুখ।সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গণমিছিল বের হয়। সমাবেশের আগে দলীয় কার্যালয় নাসিমন ভবনসংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানের জন্য দোয়া করা হয়।