তারেক রহমানকে সামনে রেখে ছয় প্রার্থীর প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তারুণ্যের অহংকার তারেক রহমান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় আপনাদের দোয়া প্রার্থী।’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সামনে রেখে নিজের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে গোটা এলাকায় পোস্টার সেঁটেছেন রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান।
শুধু তিনি একা নন, বিএনপির আরও পাঁচ সম্ভাব্য প্রার্থী এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়েছেন। সবার প্রচারণায় প্রাধান্য পেয়েছে তারেক রহমান। কেউ কেউ খালেদা জিয়া ও জিয়াউর রহমানের চেয়েও তারেক রহমানের ছবিকে প্রাধান্য দিয়েছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির কমপক্ষে ছয় নেতা এভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গত ঈদুল ফিতর থেকেই উপজেলা বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা মাঠে নামছেন। তখনই তাঁরা এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ঈদের শুভেচ্ছা জানানোর অছিলায় আগামী নির্বাচনে নিজেদের প্রতিদ্বন্দ্বিতার আগ্রহও প্রকাশ করেন। এর মধ্যে আছেন সাবেক সাংসদ আবু হেনা, উপজেলা সভাপতি মকলেছুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী জেলা বিএনপির সহসভাপতি আবদুল গফুর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম ও ড্যাবের নেতা আশফাকুর রহমান। তাঁদের সবার পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডেই তারেক রহমানের ছবি। বিএনপির উপজেলা নেতা জিয়াউর রহমানের বেশির ভাগ ফেস্টুন ও ব্যানারে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শুধু মুখমণ্ডল থাকলেও তারেক রহমানের পূর্ণাঙ্গ ছবি রয়েছে।
এ প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, ‘তারেক রহমান বর্তমানে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। তাই তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখেই প্রচারণা চালাচ্ছি।’
আবু হেনা, মকলেছুর রহমান, জহুরুল আলমসহ অন্যরাও একই রকম মন্তব্য করেছেন। তবে তারেক রহমানকে সম্মান দেখাতে গিয়ে দলের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারপারসনকে তাঁরা অসম্মান করেননি বলে দাবি করেন।
তবে দলের উপজেলা শাখার এক প্রবীণ নেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব নেতা মনোনয়ন পাওয়ার লোভে তারেককে গুরুত্ব দিচ্ছেন। তবে যাঁর জন্য বিএনপি আজ এত বিতর্কিত, প্রচারণায় তাঁকে না আনলেই ভালো হতো বলে তিনি মত দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্ভাব্য এসব প্রার্থীর মধ্যে মকলেছুর রহমান ও জিয়াউর রহমান মাঠে আছেন। অন্যরা এলাকায় অনুপস্থিত। আবু হেনা, জহুরুল আলম ও আশফাকুর রহমান ঢাকায় এবং আবদুল গফুর রাজশাহী শহরে নিজ বাড়িতে থাকেন। আর আবু হেনা না থাকলেও তাঁর কর্মী-সমর্থকেরা আছেন। তাঁরা তাঁর পক্ষ হয়ে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছেন। উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন জানান, আবু হেনা আগামী নির্বাচনে প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা তাঁর হয়ে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রাখছেন।
আবু হেনাও জানান, এলাকায় যেতে না পারলেও দলীয় নেতা-কর্মী ও লোকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। অন্য প্রার্থীরাও একই দাবি করেছেন। সেই সঙ্গে তাঁরা সবাই মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন।