তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ মামলায় তারেক রহমানকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক ইমদাদুল হক আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং ১৯২২ সালের পুলিশ (ইনসাইটমেন্ট অব ডিসঅ্যাফেকশন) অ্যাক্টের ৩ ধারায় অভিযোগ এনে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আদালত ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

এ মামলায় অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি হলেন ইটিভির সাবেক দুই সাংবাদিক মাহাথীর ফারুকী খান ও কনক সারওয়ার।

২০১৫ সালের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ মামলা করা হয়। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া কিছু বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচারিত হয়। এরপর ৬ জানুয়ারি তেজগাঁও থানার পুলিশ তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ৮ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়। মামলায় পরস্পর যোগসাজশে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।