তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ডের একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নয়জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভূঞা এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহারে বলা হয়, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অর্থ জোগান ও উসকানি দিয়েছেন তারেক রহমান। তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য হোতাপাড়ায় একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করতে সহযোগিতা করেছেন।
এ ঘটনায় তারেক রহমান, তাঁর সহযোগী লুৎফর রহমান বাদল, গাজীপুর সিটি মেয়র এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল হক রনিসহ বিএনপির ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল ও ছাত্রদল।