বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির (সাব্বির) হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার মামলা বাতিল হবে কি না, সে বিষয়ে রায়ের জন্য আগামী ১৬ মার্চ দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রায়ের এই দিন ধার্য করেন। এই বেঞ্চে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলা বাতিল চেয়ে তারেক রহমানসহ চারজন আসামির আবেদনের ওপর শুনানি শেষ হয়। আদালতে তারেক রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, মামলা বাতিল চেয়ে তারেক রহমানের করা আবেদনের ওপর দেওয়া রুলের ওপর শুনানি শেষে আদালত ১৬ মার্চ রায়ের দিন ধার্য করেন।
২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির হত্যার ঘটনায় মামলা হয়। ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে এই মামলাটি করে দুদক। সাবেক স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান, ব্যবসায়ী কাজী সালিমুল হকসহ আটজনের বিরুদ্ধে ২০০৮
সালের ২৩ এপ্রিল দুদক অভিযোগপত্র দেয়।
এরপর তারেক রহমানসহ চারজন ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দেন ও মামলার কার্যক্রম স্থগিত রাখেন। গতকাল ওই রুলের ওপর শুনানি শেষ হয়।