তারেক রহমানের ইতিহাস বিকৃতির চেষ্টা উপেক্ষার পরামর্শ আশরাফের
ইতিহাস বিকৃতির অভিযোগে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের দাবির মুখে বিষয়টি উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। তিনি বলেছেন, ইতিহাস কেউ বদলাতে পারে না।
একই সঙ্গে সৈয়দ আশরাফ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকার বিরল স্বীকৃতি দিয়ে বলেছেন, ‘মুক্তিযুদ্ধে যদি কারও বিন্দুমাত্র ভূমিকাও থেকে থাকে তাঁকে অস্বীকার করা যাবে না।’ জিয়ার ক্যাম্পে নিজের ট্রেনিং নেওয়ার কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।
মুজিবনগর দিবস উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের টয়েনবি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আশরাফুল ইসলাম তাঁর দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতার তীক্ষ এবং ক্ষেত্রবিশেষে অশ্রাব্য সমালোচনার বিপরীতে ইতিহাস তুলে ধরে যুক্তির ভাষায় বিএনপির সমালোচনার জবাব দেন। তিনি তারেক রহমানের নাম উচ্চারণ না করে বলেন, ‘তাঁর বয়স কম; তাঁর এবং তাঁর পরিবারের ভালো চান না যাঁরা তাঁরাই তাঁকে এ ধরনের বিতর্কের পরামর্শ দিয়েছেন।’
৮ এপ্রিল লন্ডনে এক মতবিনিময় সভায় তারেক রহমান ’৭২-এ বঙ্গবন্ধু অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন বলে মন্তব্য করেছিলেন।
সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু কখনো নিজেকে বাঙালির নেতা দাবি করে কোন ঘোষণা দেননি। সত্তরের নির্বাচনে দুটি বাদে সব কটি আসনে বিজয়ী দলের নেতা হিসেবে তিনি নেতা নির্বাচিত হন। তিনিই হলেন বাঙালি জাতির প্রথম নির্বাচিত নেতা। অনেকেই অনেক কিছু দাবি করতে পারেন, কিন্তু তা ইতিহাসে টেকেনি এবং টিকবে না।
সৈয়দ আশরাফ বলেন, ‘মুজিবনগর দিবস পালনের গুরুত্ব হচ্ছে স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করা, যেটি বাংলাদেশের স্বাধীনতার দলিল এবং প্রস্তাবনা হিসেবে সংবিধানের অংশ। নির্বাচিত জনপ্রতিনিধিরা ওই স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করেছিলেন এবং তার ভিত্তিতেই স্বাধীনতাযুদ্ধ পরিচালিত হয়েছিল। যে কারণে মুক্তিযুদ্ধের বৈধতা নিয়ে বিদেশে কোনো প্রশ্ন ওঠেনি এবং আমাদের কেউ সন্ত্রাসী বলেনি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর সরকার, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া কেউই ওই স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধন করেনি। এখন তাহলে এই বিতর্ক কেন? তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতাকারীরা বাংলাদেশকে মেনে নিতে পারেনি বলেই এখনো ষড়যন্ত্র করছে এবং এটি সেই ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ‘এটা নিয়ে বেশি চিল্লাচিল্লি, ঝগড়াঝাঁটি করা উচিত নয়। তবে, এটাও লক্ষ রাখার বিষয়, যাঁরা এগুলো বলেন তাঁরা সবাই কিন্তু পাগল নন। অনেকে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন।’
আলোচনা সভায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখার প্রায় ডজন খানেক নেতা বক্তব্য দেন। তাঁরা প্রায় সবাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার করার দাবি জানান।
দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, দেশের অবস্থা এখন নিরাপদ এবং সরকার এখন উন্নয়নের দিকেই নজর দিচ্ছে। তবে তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অনুসারে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর এবং প্রধানমন্ত্রী চাইলে পুরো পাঁচ বছরই ক্ষমতায় থাকতে পারেন। কোনো অবৈধ পন্থায় তাঁকে অপসারণ করা যাবে না।