তারেক রহমানের নামে পরোয়ানার প্রতিবাদে সমাবেশ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার জেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টার দিকে শহরের শেরী ব্রিজ এলাকা থেকে মিছিলটি বের হয়ে শিংপাড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী।
সমাবেশে মাহমুদুল হক বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। আছে একদলীয় শাসন আর সরকারি দলের নেতা-কর্মীদের শোষণ। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা ও নিপীড়ন চালিয়ে আন্দোলন দমাতে চায়। এর অংশ হিসেবে দলের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে হয়রানি করছে। কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ দেশে অবশ্যই জনগণের অধিকার ও শাসন আর গণতন্ত্র ফিরিয়ে দেবে। এ জন্য তিনি বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে জনগণকে সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। সেই সঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
কর্মসূচিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্রামুজ্জামান রাহাত ও আতাহারুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবু রায়হানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।