তারেক রহমানের পাসপোর্ট নিয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই তা লন্ডন থেকে কীভাবে নবায়ন করা হয়েছিল এবং তাঁর কীভাবে চারটি পাসপোর্ট হলো, তার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ ব্যাখ্যা জানতে চান। পররাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মাধ্যমে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ ব্যাখ্যা দিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
লন্ডনে অবস্থান করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের বিভিন্ন বিতর্কিত বক্তব্য প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে গত ৭ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী নাসরিন সিদ্দিকী। প্রাথমিক শুনানির পর ওই দিন আদালত আইনের দৃষ্টিতে পলাতক থাকা পর্যন্ত তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থানের বিষয়ে পররাষ্ট্রসচিবকে এবং তাঁর পাসপোর্টের বিষয়ে আইজিপিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।
আদালত সূত্র জানায়, ওই নির্দেশ মেনে পররাষ্ট্রসচিব ও আইজিপি প্রতিবেদন দিলে গতকাল তা আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এরপর ওই প্রতিবেদন দেখে আদালত নতুন করে পররাষ্ট্রসচিবের কাছে ব্যাখ্যা চান, লন্ডন থেকে কীভাবে তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করা হয়েছিল এবং তা আইনানুগ ছিল কি না। আর আইজিপির মাধ্যমে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জানতে চান, কয়েক বছরের ব্যবধানে একই ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট ইস্যু করা যায় কি না।