তারেক রহমানের বক্তব্য 'রাষ্ট্রদ্রোহমূলক': আ.লীগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহমূলক’ বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারেক রহমানের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘যদি সৎ সাহস থাকে, দেশে ফিরে আসুন। দুর্নীতি, অর্থপাচার, লুণ্ঠনসহ আপনার বিরুদ্ধে জনগণের যে বহুমুখী অভিযোগ রয়েছে, তার মোকাবিলা করুন। কালিমালিপ্ত মুখকে সাদা করার চেষ্টা করুন। তারপর কথা বলুন।’
গত মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে ব্রিটিশ-বাংলাদেশি সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘৭২ সালে শেখ মুজিবুর রহমান অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে যেমন তাঁর কন্যা শেখ হাসিনাও জোর করে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছেন।’ আওয়ামী লীগের লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। এরপর ১১ জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রথম অফিস করেন। ওই দিনই রাষ্ট্রপতির এক আদেশে দেশে অস্থায়ী শাসনতন্ত্র জারি হয়। ১২ জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং বিচারপতি আবু সাঈদ চৌধুরী হন রাষ্ট্রপতি। সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত এই সরকারের অধীনেই বাংলাদেশ পরিচালিত হয়। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের ব্যাখ্যায় বলা হয়েছে—বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সংবিধান ২৬ মার্চ, ১৯৭১ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। সুতরাং ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়নি।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
‘তারেক মূর্খ’: হানিফ
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, গতকাল দুপুরে সিলেট সার্কিট হাউসের হলরুমে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তারেক রহমান মিথ্যাবাদী, মূর্খ। তারেক জিয়া চারবার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছে। সে ঢাকায় বসবাস করে মানিকগঞ্জ গিয়ে তিনবারে এইচএসসি পাস করেছে। অল্প বিদ্যা যে ভয়ংকর তার প্রমাণ তারেক জিয়া।’
বিক্ষোভ: ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গতকাল দুপুর ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে ছাত্রলীগ। এ সময় ছাত্রদল ক্যাম্পাসে এলে তাদের ধাওয়া করে ছাত্রলীগ।
অভিযোগ দায়ের: পাবনা অফিস জানায়, গতকাল দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক খ ম হাসান কবির পাবনা সদর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।