বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিম আজ বৃহস্পতিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হলো, তা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতকে অবহিত করারও নির্দেশও দেন আদালত।
সম্প্রতি লন্ডনে এক সমাবেশে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। ওই বক্তব্যের জন্য তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নথিভুক্ত করার জন্য ৯ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন যশোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালত সে দিন পিটিশন গ্রহণ করে ১৩ নভেম্বর আদেশের দিন ধার্য করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।