তারেক রহমানের বিরুদ্ধে আরও পাঁচ মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা হয়েছে। গতকাল বুধবার গাজীপুর, রাজশাহী, যশোর, ঝালকাঠি ও গোপালগঞ্জে করা এসব মামলার একটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এ ছাড়া দুটিতে সমন জারি, একটিতে তদন্ত এবং অপরটি এজাহারভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত।
গাজীপুরের মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত।
রাজশাহীতে করা মামলায় ১২ ফেব্রুয়ারি এবং যশোরের মামলায় ২১ জানুয়ারি তারেক রহমানকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ঝালকাঠির মামলায় সদর থানার ওসি তদন্ত করে ২৮ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে এবং গোপালগঞ্জের মামলায় সদর থানার ওসিকে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ ডিসেম্বর পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলেন। তাঁর ওই বক্তৃতা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত ৪৯টি মামলা হয়েছে, যার ১৬টিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও অন্য জেলাগুলোর প্রতিনিধিরা)