তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরনী খান এ আদেশ দেন। হকার্স লীগের সভাপতি আব্দুল মান্নান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি নেতা মাজেদুর রহমান। আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় তারেক রহমানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার চারটি মামলা হয়। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও নাটোরে মামলাগুলো করা হয়। এর মধ্যে ঢাকায় মানহানির অভিযোগে দায়ের করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি মামলা করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান। হাকিম ইউনুস খান মামলার আবেদন গ্রহণ করে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, বিজয় দিবস উপলক্ষে গত সোমবার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব পরিবারের কোনো অবদান নেই।’ এ ছাড়া তারেক রহমান বলেছেন, ‘দখলদার ও রং হেডেড শেখ হাসিনা যখনই বিপদে পড়েন, তখন মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দেন।’ এ ধরনের মানহানিকর বক্তব্যের অভিযোগে মামলাটি করা হয়।