তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তির অভিযোগে করা এক মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল বুধবার দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এফ এম আহসানুল হক এ আদেশ জারি করেন।
দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সংশ্লিষ্ট আদালতে তারেকের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন। আর্জিতে বলা হয়, সে বছরের ১৫ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, একাত্তরে স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তাঁর সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি রাজাকার, খুনি ও পাকিস্তানের বন্ধু। আর্জিতে অভিযোগ করা হয়, বঙ্গবন্ধুকে রাজাকার বলে স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের আদর্শ-চেতনা ভূলুণ্ঠিত করেছেন তারেক। তিনি সংবিধান লঙ্ঘনও করেছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল।
আগামী ৯ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।