তারেক রহমানের বিরুদ্ধে চার মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার চারটি মামলা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও নাটোরে মামলাগুলো করা হয়েছে। এর মধ্যে ঢাকায় মানহানির অভিযোগে দায়ের করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি মামলা করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান। হাকিম ইউনুস খান মামলার আবেদন গ্রহণ করে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, বিজয় দিবস উপলক্ষে গত সোমবার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব পরিবারের কোনো অবদান নেই।’ এ ছাড়া তারেক রহমান বলেছেন, ‘দখলদার ও রং হেডেড শেখ হাসিনা যখনই বিপদে পড়েন, তখন মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দেন।’ এ ধরনের মানহানিকর বক্তব্যের অভিযোগে মামলাটি করা হয়।
চট্টগ্রামে মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলা করেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম। আদালত তাঁর অভিযোগ আমলে নিয়ে নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।
কুমিল্লায় তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য সুবীর নন্দী। মুখ্য মহানগর হাকিম শফিকুল ইসলামের আদালতে দায়ের করা মামলাটি আমলে নিয়ে আদালত আগামী ১ জানুয়ারি তারেককে আদালতে হাজির হতে সমন জারি করেন।
নাটোরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহান মুন্নির আদালতে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী। এ মামলায় সমন জারি করে আগামী ২২ ফেব্রুয়ারি তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়।
সিরাজগঞ্জে আইনি নোটিশ: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রানা আহমেদের পক্ষে জেলা জজ আদালতের আইনজীবী মোরশেদুল ইসলাম একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। বিএনপির প্রধান কার্যালয় বরাবর পাঠানো নোটিশে বলা হয়, তারেক রহমানের বক্তব্য বাংলাদেশ সংবিধানের ৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রদ্রোহের শামিল। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে তারেকের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং কুমিল্লা, নাটোর ও সিরাজগঞ্জ প্রতিনিধি)