তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে তাঁর খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি জানিয়ে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালত আদেশে আরও বলেছেন, তারেক রহমানকে সমন জারির বিষয়টি বহুল প্রচারিত দুটি দৈনিকে বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করতে হবে।
আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আপিলের বিষয়টি জানিয়ে আদালত তারেক রহমানকে নতুন করে সমন জারি করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এই মামলার রায়ে ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে খালাস দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন। এ মামলার অপর আসামি ও তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ডাদেশ ও ৪০ কোটি টাকা জরিমানা করেন আদালত।
নিম্ন আদালতের খালাসের রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিলের আবেদন করে দুদক।