অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা (দণ্ড) পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এই পরোয়ানা জারির আদেশ দেন।
নিম্ন আদালতে এ মামলায় খালাস পাওয়া তারেক রহমানকে হাইকোর্ট সাত বছরের কারাদণ্ড দেন।
গতকালই পরোয়ানা ক্যান্টনমেন্ট থানায় পাঠানো হয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশে ও বিদেশের ঠিকানায় বাংলা ও ইংরেজিতে পরোয়ানা জারি করা হয়েছে। দেশে না পাওয়া গেলে বিদেশে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারি করা হবে। বিদেশে পরোয়ানা জারির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।
আদালত সূত্র বলেছে, ২০১৩ সালের ১৭ নভেম্বর এ মামলায় বিচারিক আদালত তারেক রহমানকে খালাস এবং তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেন। আপিল শুনানি শেষে হাইকোর্ট তারেককে সাত বছরের কারাদণ্ড দেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল মঞ্জুর ও গিয়াসউদ্দিন আল মামুনের আপিল খারিজ করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
হাইকোর্ট একই সঙ্গে তারেক রহমানকে ২০ কোটি টাকা জরিমানা করেন। হাইকোর্ট মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রাখেন। তবে বিচারিক আদালতে মামুনকে করা ৪০ কোটি টাকার জরিমানা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়।
২০১৩ সালের ১৭ নভেম্বর বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন এই মামলার রায় দেওয়ার পর অবসরে যান। ২০১৪ সালের জানুয়ারিতে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। মামুন ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন। তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন।