বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ১৪টি জেলায় মামলা হয়েছে। চার আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
চট্টগ্রাম, ভৈরব, বগুড়া, সুনামগঞ্জ, মাগুরা, ভোলা, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, সিলেট, রাঙামাটি, মৌলভীবাজার ও ময়মনসিংহে মামলাগুলো করা হয়। এসব মামলায় ময়মনসিংহ, গোপালগঞ্জ ও ভোলায় এবং ঢাকায় গত বৃহস্পতিবার করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মুন্সিগঞ্জে এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলা দায়ের করা হয়।
ঢাকায় গত বৃহস্পতিবার দায়ের করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরনী খান এ আদেশ দেন। হকার্স লীগের সভাপতি আবদুল মান্নান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।
চট্টগ্রামে মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি নালিশি মামলা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে নগরের কোতোয়ালি থানার ওসিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার একই অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা হয়।
কিশোরগঞ্জে দুটি মামলা হয়েছে। জেলার ১ নম্বর আমলি আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলা দুটি করা হয়।
বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২-এর আদালতে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা হয়েছে। বিচারক ফেরদৌস ওয়াহিদ মামলাটি গ্রহণের পর তদন্ত করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসমিন বেগমের আদালতে দায়ের করা মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। মামলায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ আনা হয়। মামলার সাত সাক্ষীর ছয়জন জেলা ছাত্রলীগের নেতা। ৭ নম্বর সাক্ষী হিসেবে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
ভোলার মুখ্য বিচারিক হাকিম এম এ রব হাওলাদারের আদালতে মামলা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। শুনানি শেষে মামলাটি আমলে না নিয়ে খারিজ করে দেন বিচারক।
চুয়াডাঙ্গার একটি আদালত তারেক রহমানকে ২১ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহা. আমীনুল ইসলাম এ আদেশ দেন।
মুন্সিগঞ্জে এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। আমলি আদালত-১-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে ১৫ জানুয়ারি তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
গোপালগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মতিয়ার রহমানের আদালতে দায়ের করা মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সিলেটে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। বিচারক হাকিম শাহেদুল করিম মামলাটি গ্রহণ করে কোতয়ালি থানার পুলিশকে রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রাঙামাটি মুখ্য বিচারিক হাকিমের আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে তারেকের বিরুদ্ধে করা মামলায় সমন জারির আদেশ দিয়েছেন আদালত।
মৌলভীবাজারে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুলফিকার আলীর আদালতে মামলা করা হয়েছে।
ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক আদালতে করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জরি করা হয়েছে। বিচারিক আদালতের জ্যেষ্ঠ বিচারক আহসান হাবিব মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মামলাগুলোতে বিজয় দিবস উপলক্ষে গত সোমবার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তিগুলো সম্পর্কে অভিযোগ করা হয়। তিনি বলেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব পরিবারের কোনো অবদান নেই।’