বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারেক রহমানের বিষয়ে ইন্টারপোলকে জানানো হয়েছে। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি, এখন ফেরারি। তাঁকে ফেরানোর ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া চলবে।
গতকাল বুধবার রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের আইনমন্ত্রী এ কথা বলেন।
আইসিটি আইনের ৫৭ ধারার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘৫৭ ধারায় যে অপরাধগুলোর কথা বলা আছে, সেগুলো কিন্তু অপরাধ। সেই অপরাধগুলোকে আইনের আওতায় আনতে হবে। ৫৭ ধারা এখন যে রূপে আছে, সেই রূপে থাকবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ আব্দুল ওয়াদুদ, সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব উল-হক।
আদালত সূত্র বলেছে, ২০১২ সালে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের নির্মাণকাজ শুরু হয়। দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে ২০১৪ সালের শেষে ভবনটি আইন ও বিচার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথা থাকলেও নানান জটিলতায় ভবনটির কাজ শেষ হতে লেগেছে পাঁচ বছর।