বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলার রায় দেওয়া হবে আজ রোববার। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন গত বৃহস্পতিবার রায়ের এই তারিখ ধার্য করেন। মামলার দুই আসামির মধ্যে মামুন কারাগারে আটক আছেন। আর তারেক রহমান আছেন যুক্তরাজ্যে। তাঁকে পলাতক দেখিয়ে বিচারকাজ চলেছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও মামুনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির এ মামলা করে। মামলার অভিযোগে বলা হয়, চারদলীয় জোট সরকার আমলে মামুন তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ টাকা ঘুষ নেন। সিঙ্গাপুরে একটি ব্যাংকের মাধ্যমে এ টাকা লেনদেন হয়। পরে ওই টাকার একটা অংশ তারেক রহমান ডেভিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে এ প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে। এর আগে মানি লন্ডারিং আইনে অপর এক মামলায় তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ছয় বছর সাজার রায় দিয়েছেন আদালত।
তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হওয়া তারেক ও কোকো ২০০৮ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। পরে জামিন বাতিল করে পৃথক মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে ও কোকো মালয়েশিয়ায় আছেন।