মামুনকে আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলার রায় আজ। এ উপলক্ষে আদালত ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ছবি: মনিরুল আলম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলার রায় আজ। এ উপলক্ষে আদালত ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ছবি: মনিরুল আলম

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থের অবৈধভাবে লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন গত বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই তারিখ ধার্য করেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা ও আর্চওয়ে বসানো হয়েছে। সবাইকে তল্লাশি করে আদালতের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সকাল ১০টার দিকে পুলিশ গিয়াস উদ্দিন আল মামুনকে আদালতে হাজির করে।
দুই পক্ষের আইনজীবীরা উপস্থিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা শুরু হতে পারে।
গত বৃহস্পতিবার গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে আইনজীবীরা আদালতকে বলেছিলেন, এই মামলার সাক্ষী খাদিজা ইসলাম তাঁর সাক্ষ্যে কোথাও বলেননি, তিনি তারেক রহমানকে কোনো অর্থ দিয়েছেন। তিনি বলেছেন, কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে পরামর্শক ফি হিসেবে গিয়াস উদ্দিন আল মামুনকে নির্মাণ কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলাম টাকা দিয়েছেন। আর ওই টাকার লেনদেন হয়েছে বিদেশে, তাই অর্থ পাচারের অভিযোগ আনার কোনো সুযোগ নেই।
পরে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলো ডটকমকে বলেন, মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় যে টাকার লেনদেনের কথা বলা হচ্ছে, সে টাকাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দেখিয়ে গিয়াস উদ্দিন আল মামুন ও তাঁর স্ত্রীকে আরেকটি মামলায় সাজা দেওয়া হয়েছে। তাই এই মামলায় তারেক-মামুনকে সাজা দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, সাক্ষী হিসেবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট মিস ডেবরা লেপরোভেট সাক্ষ্য দেওয়ার সময় কিছু কাগজপত্রের ফটোকপি দাখিল করেছেন। অথচ তদন্ত কর্মকর্তার সাক্ষীর তালিকায় ডেবরার নাম ছিল না। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাক্ষী করা হয়।

বৃহস্পতিবার আসামির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সানাউল্লাহ মিয়া প্রমুখ। একই দিন সকালে কারাগার থেকে গিয়াস উদ্দিন মামুনকে আদালতে আনা হয়। পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে দেওয়া আদালতের ঘোষণা অনুযায়ী, তারেক রহমান পলাতক আছেন।

আদালতে গিয়াস উদ্দিন আল মামুনকে হাজির করা হয়েছে। ছবি: মনিরুল আলম
আদালতে গিয়াস উদ্দিন আল মামুনকে হাজির করা হয়েছে। ছবি: মনিরুল আলম

দুদকের আইনজীবী মোশারফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ৭ নভেম্বর দুদকের পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। আসামি মামুন তত্কালীন প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা ঘুষ নেন। সিঙ্গাপুরে একটি ব্যাংকের মাধ্যমে এই টাকার লেনদেন হয়। ওই অবৈধ টাকার কিছু অংশ তারেক রহমান ভিসা কার্ডের মাধ্যমে খরচ করেছেন। কিন্তু ওই টাকা সরকারের সংশ্লিষ্ট সংস্থায় দেখানো হয়নি। তিনি বলেন, ওই টাকাটা যদি বৈধভাবেও নেওয়া হতো, তবু ঘোষণা না করায় তা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী অপরাধ বলেই গণ্য হতো।
গত ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়।
প্রসঙ্গত, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে আছেন। চিকিত্সার জন্য ২০০৮ সালে তিনি উচ্চ আদালতের অনুমতি নিয়ে ওই দেশে যান। পরে তাঁর জামিন বাতিল করে এই মামলায় আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। তিনি না আসায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে পলাতক ঘোষিত হওয়ায় আইন অনুযায়ী তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে মানি লন্ডারিংয়ের পৃথক মামলায় তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ছয় বছর সাজা হয়েছিল।