বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেন ও অর্থ পাচারের মামলায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেনের আদালতে গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দেন রাজধানীর গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।আসামি গিয়াসউদ্দিন আল মামুনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ থাকায় সাক্ষীকে জেরা করার জন্য সময়ের আবেদন করেন আরেক আইনজীবী ফখরুল ইসলাম। আদালত আগামী ৯ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।এই মামলায় এ নিয়ে চারজন সাক্ষ্য দিলেন। এর আগে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী মোহাম্মদ ইব্রাহিম, মার্কিন গোয়েন্দা সংস্থার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপরোভেটি ও ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসনে আরা বেগম। গতকাল দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলা পরিচালনা করেন আনিসুল হক। তাঁকে সহায়তা করেন মোশারফ হোসেন ও শেখ বাহারুল ইসলাম।বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য ‘নির্মাণ কনস্ট্রাকশন’ কোম্পানির থেকে গিয়াসউদ্দিন মামুন ঘুষ নেন। ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা গ্রহণ করে পরে তা বিদেশে পাচার করা হয়। এ মামলায় গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।