তারেক রহিমের হাতে আবারও অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত তারেক রহিমের দুই হাতে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করেন ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের প্রধান মো. শামসুজ্জামান খান। তবে তারেকের বাঁ হাত সচল হবে কি না, তা নিয়ে নিশ্চিত নন চিকিৎসকেরা।
অধ্যাপক শামসুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘তারেকের ডান হাতে অস্ত্রোপচার করে হাড় ও কেটে যাওয়া রগগুলো কিছুটা ঠিকঠাক করা হয়েছে। বাঁ হাতটিও আমরা পরীক্ষা করে দেখেছি। এখনো বাঁ হাতের বুড়ো আঙুলে রক্ত চলাচল করছে। তবে তর্জনীটির অবস্থা সেই অর্থে ভালো নয়। অস্ত্রোপচারের পর বাঁ হাতটি হয়তো দেখতে ঠিক হবে, তবে এই হাতটি ঠিক কতটুকু সচল করা যাবে, সে নিয়ে আমরা নিশ্চিত নই।’
এদিকে চিকিৎসকেরা বলেছেন, শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলের কানে জমাট বেঁধে থাকা রক্ত এখনই অপসারণে ঝুঁকি আছে। তাঁর মাথা ও গলার আঘাত পুরোপুরি সারার আগে তাই তাঁরা অন্য কিছু করতে পারছেন না। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় চিকিৎসকেরা সতর্কতা অবলম্বন করছেন। একই হামলায় আহত রণদীপম বসুর অবস্থা আগের চেয়ে তুলনামূলক ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আগামী সপ্তাহে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক খাজা আবদুল গফুর।
কয়েক দিন আগে রণদীপম বলেন, গত ৩১ অক্টোবর বেলা আড়াইটার দিকে তিনি বই প্রকাশ করা নিয়ে শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কয়েকজন আচমকা তাঁদের ওপর এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে একটি গুলিও করে। খুব অল্প সময়ের মধ্যে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁরা তিনজনই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। অনেক কষ্টে উঠে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু বাইরে থেকে লাগানো থাকায় দরজা খুলে বের হতে পারেননি।
রণদীপম আরও বলেন, প্যান্টের পকেট থেকে তিনি মোবাইল ফোন বের করার চেষ্টা করেন। হাত অনেকখানি কেটে যাওয়ায় পকেটে ঢোকাতে পারছিলেন না। পরে ডান হাতের একটি আঙুল কেটে গেলেও ওই হাতটি কষ্ট করে পকেটে ঢুকিয়ে মোবাইল ফোন বের করেন। এরপর পরিচিতজনদের ফোন করে পুলিশের সাহায্য নিয়ে তাঁদের উদ্ধার করতে বলেন। এরপর পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।