তারেক শিগগিরই দেশে ফিরে দলের দায়িত্ব নেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে দলের দায়িত্ব নেবেন এবং তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ আইনগতভাবে মোকাবিলা করবেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান গতকাল সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান। তিনি বলেন, তারেক রহমান পলাতক নন। যথাযথ আইনি প্রক্রিয়ায় তিনি লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে তারেক রহমানের দেওয়া সাম্প্রতিক বক্তৃতার প্রতি ইঙ্গিত করে শামসুজ্জামান বলেন, একটি সমাবেশে একজন নেতার একটি মাত্র বক্তব্য সরকারকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে।

 সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ নেতা এম কে আনোয়ারের মুক্তির দাবি কর হয়। শামসুজ্জামান বলেন, বিএনপি আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এম কে আনোয়ারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা জামিনযোগ্য। তিনি একজন সাংসদ। সংসদের অধিবেশন শুরু হওয়ার ১৫ দিন আগে-পরে কোনো সাংসদকে গ্রেপ্তার করতে হলে কিছু আইনকানুন অনুসরণ করতে হয়। কিন্তু এম কে আনোয়ারের ক্ষেত্রে সেসব অনুসরণ করা হয়নি। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ, শামিমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।