তারেক সাঈদ অসুস্থ, আরও কিছুদিন ঢাকা মেডিকেলে থাকছেন
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদ মুহাম্মদ এখন জ্বর ও জন্ডিসে আক্রান্ত। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাঁকে আরও কিছুদিন হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গত ৩ জানুয়ারি বুকে ব্যথার কথা জানিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তারেক সাঈদ। হাসপাতালে এসে কোমরে ব্যথার জন্য নিউরোসার্জারি বিভাগের অসিত চন্দ্র সরকারের অধীনে ভর্তি হন। সেই থেকে হাসপাতালের ৪৩ নম্বর কেবিনেই চিকিৎসাধীন আছেন সাত খুন মামলার আসামি তারেক সাঈদ।
মেডিকেল বোর্ডের সদস্য অসিত চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘তারেক সাঈদের একটা স্ট্রোক হয়েছিল বেশ আগে। তাঁর কোমরের ব্যথাটাও বেশ পুরোনো। তবে এমআরআই করে আমরা নিশ্চিত হয়েছি, ব্যথার জন্য কোনো অস্ত্রোপচার লাগবে না। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু হঠাৎ জ্বর ও জন্ডিস হওয়ায় তাঁকে আমরা হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ জন্ডিসের জন্য তিনি এক দিন শুনানিতে যেতে পারেননি বলেও উল্লেখ করেন অসিত চন্দ্র সরকার। তিনি আরও বলেন, জন্ডিস ভালো হতে আরও দিন দশেক লেগে যেতে পারে।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন নিউরোসার্জারি বিভাগের প্রধান জিল্লুর রহমান, ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান সোহেলি রহমান, অর্থোপেডিকস বিভাগের প্রধান মো. শামসুজ্জামান, নিউরোলজি বিভাগের প্রধান মনসুর হাবীব ও নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক অসিত চন্দ্র সরকার। একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোমরে ব্যথার বিষয়টি সত্যি ছিল। সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় এই ব্যথাটা ছিল। একটু বিশ্বাসযোগ্য করতে তিনি হাতে একটা লাঠি রাখতে পারতেন। রাখছেন না বলেই এত প্রশ্ন উঠছে।
তবে চিকিৎসকেরা ছেড়ে দিলেই কারাগারে তারেক সাঈদকে ফিরিয়ে নেবেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম। গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৩ নম্বর কেবিনের সামনে বসেছিলেন কয়েকজন পুলিশ ও কারারক্ষী। কেবিনের ভেতর তারেক সাঈদ আছেন কি না, জানতে চাইলে বলেন, সকালে নারায়ণগঞ্জে বেরিয়েছেন। নিজেই নিজের ঘরে তালা দিয়েছেন। কারও সাহায্য ছাড়াই নিজে নিজে হেঁটে বেরিয়েছেন।
গতকাল শনিবার আবারও ৪৩ নম্বর কেবিনের সামনে গিয়ে পাওয়া যায় পুলিশের বেশ কয়েকজন সদস্যকে। ওই দিন তাঁরা তারেক সাঈদকে কক্ষ থেকে বেরোতে দেখেননি। অনেকবার অনুরোধ করার পরও পুলিশের সদস্যরা কক্ষের বাইরের ছবি তুলতে দেননি। কক্ষের বাইরে থেকেও ছবি তোলা যাবে না কেন জানতে চাইলে পুলিশের একজন সদস্য বলেন, ভেতরে একজন ভেরি ইম্পর্টেন্ট ব্যক্তি আছেন। বাইরে থেকে ছবি তুলতে হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে।